ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার ৪০ গ্রামের মানুষ

সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধ
নভেম্বর ২৩, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের থলওলমা ও নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়া সীমান্তবর্তী আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই জেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি বাড়লেও এবার সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন আশার সৃষ্টি হয়েছে।

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের উত্তর ভাটোপাড়া এবং নওগাঁর আত্রাই উপজেলার থলওলমা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। নদীর দুই পাড়ে রয়েছে মানুষের বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু সরাসরি সড়ক যোগাযোগের জন্য সেতু না থাকায় প্রতিদিন নৌকায় নদী পার হতে হয় স্থানীয়দের।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকেই এই ঘাট দিয়ে নৌকায় মানুষ পারাপার করছেন। সময়ের সঙ্গে নদীর দুই পাড়ে জনবসতি, কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্য বাড়লেও যোগাযোগব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের প্রতিদিনই নদী পারাপারে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য এ পরিস্থিতি বিশেষভাবে কষ্টকর। অন্যদিকে শুষ্ক মৌসুমেও কৃষিপণ্য ও ভারী মালামাল পরিবহনে সমস্যা হয়। নদীর অন্য পাড়ে যেতে বিকল্প সড়ক ব্যবহার করলে অনেকটা পথ ঘুরে যেতে হয়।

দীর্ঘদিনের এ দুর্ভোগ নিরসনে খাজুরা উত্তর ভাটোপাড়া ও থলওলমা এলাকায় আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের একটি প্রস্তাব ডিপিপিতে দেওয়া হয়েছে। আএাই উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম বলেন, এই সেতু নিমান হলে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি আএাই ও নলডাঙ্গা উপজেলার এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। কৃষকরা কম সময় ও খরচে ফসল বাজারজাত করতে পারবেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দুই এলাকার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

আএাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, আএাই নদীর উপর সেতুটি ডিডিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। ওই স্থানে সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আএাই ও নলডাঙ্গা দুই উপজেলার সীমান্তবতি হওয়ার তাই দুই উপজেলার সমন্বয়ে সেতুটি নিমান করা হবে।
নওগাঁ- ৬ আএাই-রাণীনগর আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলামের নির্বাচনী প্রতিশ্রুতি। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সেতু নিমানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে ৩ নম্বর খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম বলেন, আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী প্রতিশ্রুতি। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করছেন।

স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান শাকিল জানান, নদীর দুই পাড়ে অনেক মানুষের আত্মীয়স্বজন ও কৃষিজমি রয়েছে। কারও বাড়ি এক পাশে, আবার জমিজমা অন্য পাশে। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতে তাঁদের সমস্যায় পড়তে হয়। খাজুরা বাজারসহ আত্রাইয়ের বিভিন্ন বাজারে যাতায়াতেও ভোগান্তি রয়েছে। খাজুরায় একটি আলিম মাদ্রাসা ও উচ্চবিদ্যালয় থাকায় শিক্ষার্থীদের চলাচলেও সমস্যা তৈরি হয়। সেতুটি নির্মাণ হলে দুই এলাকার যোগাযোগ সহজ হবে বলে তিনি মনে করেন। এ জন্য নাটোরের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নওগাঁর সংসদ সদস্য রেজাউল করিম রেজুর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আত্রাই উপজেলার থলওলমা গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন বহু মানুষ এই নদী দিয়ে পারাপার হন। নৌকায় চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এখানে সেতু নির্মাণ হলে দুই এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। তাই দীর্ঘদিনের দাবি পূরণে দ্রুত সেতু নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি।

নলডাঙ্গার উত্তর ভাটোপাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেতু না থাকায় অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে জরুরি চিকিৎসার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে যোগাযোগ সমস্যার কারণে কৃষকরাও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নদীর ওপারে ধানের দাম প্রতি মণ প্রায় ১ হাজার ২০০ টাকা হলেও যোগাযোগ সমস্যার কারণে এপারে অনেক সময় ১ হাজার টাকায় বিক্রি করতে হয়। এতে প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কম পাওয়া যায়।

থলওলমা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান বলেন, এই ঘাট দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করেন। সেতু নির্মাণ করা হলে অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ উপকৃত হবেন। বিশেষ করে আত্রাই থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় যাতায়াত সহজ হবে।

দীর্ঘ ২৫ থেকে ২৬ বছর ধরে গ্রাম চিকিৎসা পেশায় নিয়োজিত রাকিব ডাক্তার জানান, এলাকার মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে নদী পারাপারের সমস্যা তাঁকে নিয়মিত দেখতে হয়। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাত এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্রাই, নলডাঙ্গা ও সিংড়া এলাকার মানুষের যোগাযোগ সহজ করতেও এটি ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

অন্যদিকে নলডাঙ্গার খাজুরা লাহিড়ীপাড়ার বাসিন্দা শ্রীবিষ্ণুপদ সরকার বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি নিয়মিত এই পথ দিয়ে সমসপাড়া হাটে যাতায়াত করছেন। নদী পারাপারে তাঁকে নানা সমস্যায় পড়তে হয়। সেতু নির্মাণ হলে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারবে। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও সুবিধা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে নলডাঙ্গা ও আত্রাই উপজেলার মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি আশপাশের সিংড়া এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। কৃষকরা কম সময় ও খরচে ফসল বাজারজাত করতে পারবেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দুই এলাকার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন নদীর দুই পাড়ের মানুষ সেতু নির্মাণের অপেক্ষায় রয়েছেন। ডিপিপিতে প্রস্তাব দেওয়ার খবরে তাঁদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে প্রস্তাবের পর দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই এখন এলাকাবাসীর প্রধান প্রত্যাশা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।