প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭: ১২
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
সংস্থাটি বলেছে, এসব অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
ওআইসির বিবৃতিতে বলা হয়, প্রতিনিয়ত অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালাচ্য়েছে। তারা গাড়িতে আগুন দিচ্ছে, বাড়িঘর ও গ্রামগুলোতে হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের বাড়ির দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে।
সংস্থাটি এসব হামলাকে ‘সংগঠিত সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, এ ধরনের নৃশংস হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি ঔপনিবেশিক বসতি স্থাপন, ভূখণ্ড দখল, জাতিগত নির্মূল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি পরিকল্পিত নীতির অংশ। ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ এই নীতি বাস্তবায়ন করছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা এসব ‘সংগঠিত সন্ত্রাসী’ কর্মকাণ্ড চালাচ্ছে।
ওআইসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, এসব হামলার জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিতে ৫৭টি সদস্যদেশ রয়েছে। এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষের বসবাস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

