নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে তুলবো আমাদের কায়েতপাড়া স্লোগানকে সামনে রেখে কায়েতপাড়া ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২১ নভেম্বর সকাল ৮ টা বড়ালু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সেবা কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, কায়েতপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্থানীয় নানা বয়সী অসহায় ও দরিদ্র রোগীরা চোখের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুস সামাদ মোল্লা এবং মো. আমজাদ হোসেনের উদ্যোগে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় সাধারণ মানুষের প্রাথমিক চক্ষুসেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সকাল থেকেই বড়ালু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোগীদের উপস্থিতি দেখা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়। আয়োজকরা জানান, জনকল্যাণমূলক ও মানবিক এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

