প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১: ৫৯
মাছ বাংলাদেশের খাদ্যতালিকা, সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। নদী, হাওর, বিল, প্লাবনভূমি, পুকুর ও বঙ্গোপসাগরের বিস্তৃত জলজ সম্পদ দেশের প্রাণিজ আমিষের প্রধান উৎস। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও জীবিকার ভিত্তি এই মৎস্য খাত। তবে জলবায়ু পরিবর্তন, জলজ পরিবেশের অবক্ষয়, অতিরিক্ত আহরণ, দূষণ এবং সামুদ্রিক সম্পদের অপর্যাপ্ত ব্যবহার এ খাতের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্ব মৎস্য দিবসের প্রেক্ষাপটে তাই টেকসই উৎপাদন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্রতি বছর ২১ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস পালিত হয়। মৎস্যসম্পদের গুরুত্ব, জেলেদের অবদান, জলজ প্রতিবেশের সুরক্ষা এবং টেকসই মাছ আহরণ সম্পর্কে সচেতনতা তৈরিই এ দিবসের মূল উদ্দেশ্য। ২০২৬ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ‘ইমপাওয়ারিং পিপল ফর চেঞ্জ: অ্যাডভ্যান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার, পার্টিকিউলারলি ফর ইয়ুথ অ্যান্ড উইমেন’ প্রতিপাদ্যে বিশেষ আয়োজন করছে। এতে মৎস্য ও জলজ চাষে নারী ও তরুণদের অংশগ্রহণ, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্বের খাদ্যব্যবস্থায় মৎস্য খাতের গুরুত্ব ক্রমেই বাড়ছে। এফএও’র ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার (সোফিয়া) ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে মৎস্য আহরণ ও অ্যাকুয়াকালচার মিলিয়ে মোট উৎপাদন দাঁড়িয়েছে ২৩৫ মিলিয়ন টন। এর মধ্যে জলজ প্রাণিজ উৎপাদন ছিল ১৯৫ মিলিয়ন টন এবং শৈবাল উৎপাদন ৪০ মিলিয়ন টন। একই বছর অ্যাকুয়াকালচার থেকে জলজ প্রাণিজ উৎপাদন প্রথমবারের মতো ১০০ মিলিয়ন টনের মাইলফলক অতিক্রম করে ১০৩ মিলিয়ন টনে পৌঁছায়। ফলে বিশ্বের মোট জলজ প্রাণিজ উৎপাদনের ৫৩ শতাংশ এখন অ্যাকুয়াকালচার থেকে আসছে। মানবভোগের জন্য উৎপাদিত জলজ প্রাণিজ খাদ্যের ক্ষেত্রে অ্যাকুয়াকালচারের অবদান ৫৯ শতাংশেরও বেশি। অন্যদিকে, প্রাকৃতিক উৎস থেকে মাছ আহরণ দীর্ঘদিন ধরে প্রায় স্থিতিশীল রয়েছে। এ বাস্তবতা ভবিষ্যতের খাদ্যচাহিদা পূরণে পরিকল্পিত ও পরিবেশবান্ধব অ্যাকুয়াকালচারের গুরুত্ব তুলে ধরে। তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য, প্রাকৃতিক প্রজননক্ষেত্র ও জলজ বাস্তুতন্ত্র রক্ষা করাও জরুরি।
বাংলাদেশে মৎস্য খাতেও ধারাবাহিক অগ্রগতি হয়েছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদিত হয়েছে ৫২.২৩ লাখ মেট্রিক টন, যা আগের অর্থবছরের ৫১.১১ লাখ মেট্রিক টনের তুলনায় ১.১২ লাখ মেট্রিক টন বেশি। এ সময়ে ইলিশের উৎপাদন ছিল ৪.১৯ লাখ মেট্রিক টন। জাতীয় বাজেট বক্তৃতা ২০২৬-২৭ অনুযায়ী, পরবর্তী অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৬ লাখ ৩৫ হাজার মেট্রিক টন।
দেশের মোট মাছ উৎপাদনে অ্যাকুয়াকালচারের অবদান সবচেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে ৩১.০৪ লাখ মেট্রিক টন, উন্মুক্ত জলাশয়ে ১৪.৩৬ লাখ মেট্রিক টন এবং সামুদ্রিক উৎস থেকে ৫.৬৮ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। পুকুর, ঘের, খাঁচা ও অন্যান্য চাষপদ্ধতিতে উন্নত পোনা, মানসম্মত খাদ্য, আধুনিক প্রযুক্তি এবং উন্নত খামার ব্যবস্থাপনা এ অগ্রগতিতে ভূমিকা রেখেছে।
জাতীয় অর্থনীতিতেও মৎস্য খাতের অবদান উল্লেখযোগ্য। ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ছিল ২.৫৮ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ২২.০৩ শতাংশ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২.৬ কোটি মানুষ এ খাতের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। উৎপাদন, পোনা সরবরাহ, খাদ্য ও ওষুধ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং রপ্তানি—প্রতিটি পর্যায়ে রয়েছে কর্মসংস্থানের সুযোগ। দেশের প্রায় ৬০ শতাংশ প্রাণিজ আমিষের জোগানও আসে মাছ থেকে। বর্তমানে দৈনিক জনপ্রতি মাছ গ্রহণের পরিমাণ প্রায় ৬০ গ্রাম, যেখানে প্রয়োজন ৬৭.৮০ গ্রাম। ফলে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন ও সরবরাহ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের মৎস্যপণ্যের সম্ভাবনা বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৯৩,৫৩০ মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৫০৪.৫৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬,১৯৩ কোটি টাকা) আয় করেছে (জাতীয় সংসদে ১০ নভেম্বর ২০২৬-এ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দেওয়া তথ্য)। আগের অর্থবছরে ৯০,৬২০ মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল প্রায় ৫০১ মিলিয়ন মার্কিন ডলার। সরকার ২০৩০ সালের মধ্যে বার্ষিক মৎস্য রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা মানদণ্ড পূরণ, পণ্যের উৎসনির্ণয় বা ট্রেসেবিলিটি, মূল্যসংযোজিত পণ্য উৎপাদন, ব্র্যান্ডিং এবং নতুন বাজার সম্প্রসারণ জরুরি।
জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ইলিশের ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি আন্তর্জাতিক বাজারে দেশের পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি করেছে। তবে ইলিশের উৎপাদন নিয়ে উদ্বেগ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের আনুমানিক উৎপাদন ছিল ৪.১৯ লাখ টন, যা ২০২১-২২ অর্থবছরের ৫.৬৬ লাখ টনের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম। মা ইলিশ ও জাটকা সংরক্ষণে নির্দিষ্ট সময়ে মাছ আহরণ নিষিদ্ধ রাখার পাশাপাশি জেলেদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে ৩ লাখ ৬৭ হাজারের বেশি জেলে পরিবারকে জনপ্রতি ৪০ কেজি এবং মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন ২২ দিনে ৬ লাখ ২০ হাজারের বেশি পরিবারকে ২৫ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
বাংলাদেশের মৎস্য খাতের ভবিষ্যৎ সম্ভাবনার বড় ক্ষেত্র বঙ্গোপসাগর। আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালের (ইটলস) রায়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের (আনক্লজ) আওতায় সালিশি প্রক্রিয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির ফলে প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এ বিশাল জলরাশিতে টুনা ও অন্যান্য পেলাজিক মাছ, চিংড়ি, কাঁকড়া, লবস্টার, স্কুইড, অক্টোপাস, ঝিনুক ও শৈবালসহ বহুমুখী সম্পদ আহরণ ও চাষের সুযোগ রয়েছে। ব্লু ইকোনমির বিকাশে গভীর সমুদ্রে টুনা ও পেলাজিক মাছ আহরণ, বাণিজ্যিক জাহাজ পরিচালনা এবং সামুদ্রিক শৈবাল চাষ সম্প্রসারণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে সামুদ্রিক সম্পদের ব্যবহার শুধু মাছ আহরণে সীমাবদ্ধ রাখা যাবে না। পরিবেশবান্ধব সামুদ্রিক মেরিকালচার, শৈবাল উৎপাদন, কাঁকড়া ও ঝিনুক চাষ এবং মূল্যসংযোজনমূলক শিল্প গড়ে তুলতে হবে। এতে কর্মসংস্থান, রপ্তানি আয় ও বৈদেশিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। উন্নত জাতের পোনা, জেনেটিক গবেষণা, নিরাপদ মাছের খাদ্য, রোগ নির্ণয়, বায়োসিকিউরিটি এবং আধুনিক শীতলীকরণ ও পরিবহনব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং স্মার্ট খামার ব্যবস্থাপনা উৎপাদন ব্যয় কমিয়ে দক্ষতা বাড়াতে পারে। মাছের উপজাত থেকে তেল, ফিশ মিল, কোলাজেনসহ মূল্যসংযোজিত পণ্য উৎপাদনের সম্ভাবনাও কাজে লাগানো প্রয়োজন।
মৎস্য খাতের উন্নয়ন শুধু উৎপাদন বা রপ্তানি বৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে যুক্ত জেলে, মৎস্যচাষি, শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা ও নারীদের জীবনমান উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। মাছ প্রক্রিয়াজাতকরণ, শুকানো, বাছাই ও বিপণনে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তাদের দক্ষতা উন্নয়ন, সহজ শর্তে ঋণ, নিরাপদ কর্মপরিবেশ এবং বাজারে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমুদ্রে মাছ ধরার নৌযানে নিরাপত্তা সরঞ্জাম, যোগাযোগব্যবস্থা, আবহাওয়ার পূর্বাভাস, জীবনবিমা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশের মৎস্য খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে উৎপাদন, সংরক্ষণ, গবেষণা, প্রযুক্তি, বিনিয়োগ ও বাজার ব্যবস্থাপনাকে সমন্বিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, বেসরকারি উদ্যোক্তা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং মৎস্যজীবীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব প্রয়োজন।
বিশ্ব মৎস্য দিবস আমাদের মনে করিয়ে দেয়, জলজ সম্পদ অফুরন্ত নয়। বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ক্ষুণ্ন করা যাবে না। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য, সম্পদের পুনরুৎপাদন সক্ষমতা এবং মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের লক্ষ্য শুধু বেশি মাছ উৎপাদন নয়, বরং নিরাপদ, পুষ্টিসমৃদ্ধ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাছ উৎপাদন। পরিকল্পিত বিনিয়োগ, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মৎস্য খাত খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি আয় ও ব্লু ইকোনমির বিকাশে আরও বড় অবদান রাখবে।
লেখক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

