ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

কেন দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা

dailyvorerkhabor
নভেম্বর ২১, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯: ১৫

বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার পেছনে প্রধানত পাঁচটি কারণ রয়েছে। এগুলো হলো মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম বয়স, সন্তান জন্মদানের উচ্চ হার, মৃত্যুহার ও গড় আয়ুর পরিবর্তন, ধর্মীয় পরিচয় পরিবর্তন এবং অভিবাসন। এসব কারণে আগামী কয়েক দশকে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। এর মধ্য দিয়ে মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন। ২০৭০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৮ শতাংশ হবেন মুসলিম। বিপরীতে খ্রিষ্টানদের অনুপাত দাঁড়াতে পারে ২৯ দশমিক ১ শতাংশে।

কম বয়সি জনগোষ্ঠী ও বেশি সন্তান জন্মদানের হার

পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, আলোচনায় থাকা ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের গড় বয়স সবচেয়ে কম। ২০২০ সালে মুসলিমদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ছিল ১৫ বছরের নিচে। আগামী কয়েক দশকেও মুসলিমরা সবচেয়ে কম বয়সি ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

জনসংখ্যা বৃদ্ধিতে এই বয়স কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, মুসলিম জনগোষ্ঠীতে সন্তান জন্মদানের বয়সী নারীর সংখ্যা তুলনামূলক বেশি। ফলে ভবিষ্যতে সন্তান জন্মদানের সম্ভাবনাও বেশি থাকবে।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫। অর্থাৎ মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার খ্রিষ্টান নারীদের তুলনায় বেশি।

মৃত্যুহার ও মানুষের গড় আয়ুর পরিবর্তনও জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, সব ধর্মীয় জনগোষ্ঠীর মানুষের গড় আয়ু বাড়বে। তবে মুসলিমদের ক্ষেত্রে এ বৃদ্ধি তুলনামূলক বেশি হবে।

মুসলিমদের গড় আয়ু ৬৮ বছর থেকে বেড়ে ৭৭ বছর হতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের গড় আয়ু ৭১ বছর থেকে বেড়ে ৭৭ বছর হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ মুসলিমদের গড় আয়ু বৃদ্ধির হার তুলনামূলক বেশি হওয়ায় জনসংখ্যা বৃদ্ধিতে এর প্রভাব পড়তে পারে।

ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রভাব

ধর্মীয় পরিচয় পরিবর্তনও মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যাগত ব্যবধান বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, মুসলিম ও হিন্দুদের তুলনায় খ্রিষ্টানদের ধর্ম ছেড়ে যাওয়ার প্রবণতা বেশি।

তবে ভবিষ্যতে ধর্মীয় পরিচয় পরিবর্তনের এই প্রবণতা বদলে যেতে পারে। যেসব দেশে বর্তমানে ধর্মীয় পরিচয় ত্যাগের ঘটনা কম, সেসব দেশেও এ প্রবণতা বাড়তে পারে। আবার সাম্প্রতিক বছরগুলোতে মানুষের ধর্মীয় অনুরাগ কমেছে—এমন দেশগুলোতে নতুন করে ধর্মের প্রতি আগ্রহ বাড়ার ঘটনাও ঘটতে পারে। যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইউরোপে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে অভিবাসনের ভূমিকা

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ অভিবাসন। বিশেষ করে ইউরোপের ধর্মীয় জনসংখ্যার কাঠামো পরিবর্তনে অভিবাসনের বড় ভূমিকা থাকতে পারে।

পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, মূল পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে ইউরোপের মোট জনসংখ্যার ১৩ শতাংশ হবেন মুসলিম। তবে ২০২০ সালের পর ইউরোপে অভিবাসন পুরোপুরি বন্ধ হয়ে গেলে ওই বছর মুসলিমদের অনুপাত দাঁড়াত ৯ শতাংশে। অর্থাৎ ইউরোপে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।

গবেষণায় আরো বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ইউরোপে মুসলিম জনসংখ্যা ৭৬ শতাংশ বাড়তে পারে। বিপরীতে খ্রিষ্টানদের সংখ্যা কমতে পারে প্রায় ৩৬ শতাংশ।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিবর্তনের পূর্বাভাস

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। উত্তর আমেরিকায় ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিমের সংখ্যা ২৩৬ শতাংশ বাড়তে পারে। একই সময়ে সেখানে খ্রিষ্টানদের সংখ্যা কমতে পারে ২০ দশমিক ৮ শতাংশ।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ১৩ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিপরীতে খ্রিষ্টানদের সংখ্যা কমতে পারে ১ দশমিক ৩ শতাংশ।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ২০৭০ সালে মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারেন। ২০২০ সালে এ হার ছিল ৯৪ শতাংশ। একই সময়ে এ অঞ্চলে খ্রিষ্টানদের অনুপাত ২ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২ দশমিক ৩ শতাংশ হতে পারে।

সাহারা-নিম্ন আফ্রিকায় মুসলিমদের সংখ্যা ১৬৬ শতাংশ বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা বাড়তে পারে ১২৮ দশমিক ৫ শতাংশ। ২০৭০ সালে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টানের বসবাস হবে এ অঞ্চলে। ২০২০ সালে এ অঞ্চলে বসবাস করতেন বিশ্বের মোট খ্রিষ্টান জনগোষ্ঠীর ৩১ শতাংশ।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ৫২ শতাংশ বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা বাড়তে পারে ৮ দশমিক ৪ শতাংশ।

রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শ্যাটজ মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে বলেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস মূলত জনসংখ্যাগত পরিবর্তনের চিত্র। এটি ব্যাপক হারে মানুষের ধর্মান্তরিত হওয়ার কোনো পূর্বাভাস নয়। মুসলিমদের গড় বয়স কম এবং সন্তান জন্মদানের হার বেশি হওয়ায় তাদের জনসংখ্যা দ্রুত বাড়ছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সাহারা-নিম্ন আফ্রিকায় খ্রিষ্টানদের সংখ্যাও বাড়বে, তবে তুলনামূলক ধীরগতিতে।

ড্যানিয়েল শ্যাটজ বলেন, গবেষণার ফলাফল তথ্যনির্ভর ও গুরুত্বপূর্ণ। তবে এই পূর্বাভাসকে অনিবার্য হিসেবে দেখার সুযোগ নেই। সন্তান জন্মদানের হার, অভিবাসন, সংঘাত, অর্থনৈতিক উন্নয়ন, রাষ্ট্রীয় নীতি এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা ভবিষ্যতের চিত্র বদলে দিতে পারে। যুদ্ধ, বাস্তুচ্যুতি কিংবা ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধের মতো বড় ভূরাজনৈতিক ঘটনাও জনসংখ্যার এই প্রবণতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এই পূর্বাভাস তৈরিতে সন্তান জন্মদানের হার, মৃত্যুহার, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের তথ্য ব্যবহার করা হয়েছে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির পরিবর্তনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ভবিষ্যতের ধর্মীয় জনসংখ্যার চিত্র বদলে দিতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।