ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

এনভিডিয়ার শীর্ষ পদে ফেরার চেষ্টা হুয়াংয়ের, সমর্থন করছেন মাস্কের মতো শিল্পপতিরা

dailyvorerkhabor
নভেম্বর ১৬, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০: ৫৫

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের এক লাখ ৬৫ হাজারের বেশি ব্যক্তি। এ দাবিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন তারা। সেইসঙ্গে বিতর্ক কাটিয়ে ফের সংস্থার শীর্ষপদে ফেরার চেষ্টা করছেন হুয়াং। সপ্তাহান্তে বেশ কয়েক জন মার্কিন শিল্পপতির সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন না হওয়া পর্যন্ত হুয়াংকে পুনর্বহাল করা উচিত। চীনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত এক নারীসহ একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ প্রকাশের পর বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এতে এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে তার ৩৩ বছরের অধ্যায়ের অবসান ঘটে।

এদিকে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা হুয়াং ও এনভিডিয়ার কর্মকর্তাদের কংগ্রেসে তলবের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, চীনের সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ায় ফেরার বিষয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন হুয়াং। তাকে ফিরিয়ে আনতে সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিরা প্রচারণা চালাচ্ছেন।

তবে ভিন্ন অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার ফক্স নিউজকে তিনি বলেন, এনভিডিয়ার উচিত প্রতিষ্ঠানের বাইরে থেকে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া। তার ভাষায়, কোম্পানিটিতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।

এনভিডিয়ার চিপ চীনে সরবরাহের বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন বেসেন্ট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে উন্নত এআই চিপ চীনে পাঠানো হয়েছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে ১০ দিনের মধ্যে জবাব চান অর্থমন্ত্রী।

খোলা চিঠিতে মাস্কের পাশাপাশি সই করেছেন এপিক গেমসের প্রতিষ্ঠাতা টিম সুইনি, ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট গ্যারি ট্যান এবং উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক। কালানিকের মতে, হুয়াং ভুল করে থাকতে পারেন, তবে তার কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

চিঠিতে সই করা ব্যক্তিদের মধ্যে এনভিডিয়ার সাত হাজার ৫০০-এর বেশি কর্মী রয়েছেন। প্রতিষ্ঠানের মোট কর্মীর প্রায় ১৮ শতাংশ তাকে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছেন।

হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে চিপ রপ্তানি, এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ এবং প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়েও প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে রয়েছে। এদিকে, হুয়াং ও এনভিডিয়ার কর্মকর্তারা কংগ্রেসে সাক্ষ্য দিতে সম্মত হলেও এখনো তারিখ নির্ধারণ হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।