বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে মাদারীপুরে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মাদারীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) শেষে নির্বাচিত যোগ্য প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটির সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুশৃঙ্খল পরিবেশে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন।পরীক্ষা শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের মাঠ পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও ব্রিফিং দেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ড. মাসুরা বেগম, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান পিপিএম এবং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর। এ ছাড়া মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে যোগদানের এ নিয়োগ কার্যক্রম স্বচ্ছ ও প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

