ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ

dailyvorerkhabor
নভেম্বর ১৪, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০: ৪৪

মিসরের ফুটবল ইতিহাসে নিজের নামটি আরো উঁচুতে তুলে নিলেন মোহামেদ সালাহ। জাতীয় দলের জার্সিতে গোলের নতুন মাইলফলক ছুঁয়ে ছাড়িয়ে গেলেন এত দিন শীর্ষে থাকা হোসাম হাসানকে। মালাবির বিপক্ষে জোড়া গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন লিভারপুলের সাবেক এই তারকা।

কায়রোয় আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মালাবিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় মিসর। এই জয়ে ২৩ বছরেরও বেশি সময় আগে গড়া গোল ধারার রেকর্ড ছুঁলো ফারাওরা। শেষবার মিসর টানা দুটি আফ্রিকান বাছাই ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করেছিল ২০০৩ সালের জুনে। ৮ জুন মরিশাসকে ৭-০ গোলে হারানোর পর একই মাসের ২০ তারিখে তারা মাদাগাস্কারকে ৬-০ গোলে পরাজিত করেছিল।

দলের বড় জয়ে শেষ দিকে জোড়া গোল করেন সালাহ। ৮৪ মিনিটে দূরের পোস্টে হেডে গোল করে হোসাম হাসানের রেকর্ড ভাঙেন তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে করেন নিজের দ্বিতীয় গোল। তাতেই জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ৭০-এ।

এর আগে ৬৮ গোল নিয়ে মিসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক ও কোচ হোসাম হাসানের দখলে। গত সপ্তাহেই মিসরের কোচের দায়িত্ব হারিয়েছেন তিনি। তার জায়গায় দায়িত্ব নেওয়া আলি মাহেরের শুরুটাও হলো দারুণ এক জয়ে।

সালাহর রেকর্ড গড়ার আগেই ম্যাচে এগিয়ে যায় মিসর। প্রথমার্ধেই নাসের মাহের, ওমর মারমুশ ও মোহামেদ হানির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর শেষ দিকে সালাহর জোড়া গোল ব্যবধান আরো বাড়ায়। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে মিসর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।