স্পোর্টস ডেস্ক: স্বভাবসুলভ কৌশল, ফুটবল মস্তিষ্ক আর খেলোয়াড়দের মনস্তত্ত্ব বোঝার অদ্ভুত এক ক্ষমতা- হোসে মরিনহোকে করেছে আলাদা। ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ বিখ্যাত হয়ে আছেন ক্যারিয়ারজুড়ে তার করা দারুণ সব কার্যকর সাইনিংয়ের জন্য।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গোলডটকম’ এক প্রতিবেদনে হোসে মরিনহোর ক্যারিয়ারজুড়ে করা ১০ দলবদলের একটি তালিকা তৈরি করেছে।
চলুন দেখে নেওয়া যাক মরিনহোর কোচিং ক্যারিয়ারে সাইনিং করা সেরা ১০ খেলোয়াড়ের তালিকা-
১০. জ্লাতান ইব্রাহিমোভিচ (পিএসজি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ফ্রি ট্রান্সফার)
২০১৬ সালে বিনা খরচে প্যারিস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসেন ৩৪ বছর বয়সী এই সুইডিশ তারকা। অনেকেই ক্যারিয়ারের সায়াহ্নে থাকা ইব্রাকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে ২৭ গোল করে এবং দলকে লিগ কাপ ও ইউরোপা লিগ শিরোপা জিতিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি।
৯. সেস্ক ফাব্রেগাস (বার্সেলোনা থেকে চেলসি, ২৭ মিলিয়ন পাউন্ড)
বার্সেলোনায় কিছুটা ম্লান সময় কাটানোর পর ২০১৪ সালে ফাব্রেগাসকে চেলসিতে নিয়ে আসেন মরিনহো। প্রথম মৌসুমেই রেকর্ড ১৮টি অ্যাসিস্ট করে স্ট্যামফোর্ড ব্রিজে নীল ঝড় তোলেন এই স্প্যানিশ মিডফিল্ডার, যা চেলসিকে লিগ শিরোপা এনে দেয়।
৮. মাইকেল এসিয়েন (লিওঁ থেকে চেলসি, ২৪.৪ মিলিয়ন পাউন্ড)
২০০৫ সালে রেকর্ড ট্রান্সফারে চেলসিতে যোগ দিয়ে নিজের নামকে সার্থক প্রমাণ করেন এসিয়েন। মরিনহোর মাঝমাঠের মূল শক্তিতে পরিণত হওয়া এই ঘানাইয়ান তারকা চেলসিতে ছিলেন দীর্ঘ ৯ বছর।
৭. বেনি ম্যাককার্থি (সেল্টা ভিগো থেকে পোর্তো, ৩ মিলিয়ন পাউন্ড)
পোর্তোর সেই ঐতিহাসিক ২০০৩-০৪ মৌসুমে ২৪ গোল করেছিলেন ম্যাককার্থি। নামমাত্র দামে এসে পোর্তোর লিগ ও চ্যাম্পিয়নস লিগ ডাবল জয়ের অন্যতম নেপথ্য কারিগর ছিলেন এই ফরোয়ার্ড।
৬. দিয়েগো কস্তা (আতলেতিকো মাদ্রিদ থেকে চেলসি, ৩২ মিলিয়ন পাউন্ড)
২০১৪ সালে আতলেতিকো থেকে এসে চেলসির ফরোয়ার্ড লাইনে প্রতিপক্ষ রক্ষণের জন্য ত্রাস সৃষ্টি করেন কস্তা। মাত্র ২৬ ম্যাচে ২০ গোল করে চেলসিকে এনে দেন বহুল কাঙ্ক্ষিত লিগ শিরোপা।
৫. দিয়েগো মিলিতো
ইন্টার মিলানের সেই ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ের নায়ক মিলিতো। ইতালিয়ান কাপ ফাইনাল, সিরি আ নির্ধারণী ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জোড়া গোল- সবখানেই তার নাম লেখা ছিল স্বর্ণাক্ষরে।
৪. ওয়েসলি স্নাইডার
রিয়েল মাদ্রিদ থেকে অপেক্ষাকৃত কম দামে ইন্টার মিলানে যোগ দিয়েই দলের প্রাণভোমরা হয়ে ওঠেন স্নাইডার। ২০০৯-১০ মৌসুমে মরিনহোর ট্রেবল জয়ের মূল কাণ্ডারি ছিলেন এই ডাচ প্লে-মেকার।
৩. রিকার্দো কারভালহো
২০০৪ সালে পোর্তো থেকে চেলসিতে এসে জন টেরির সঙ্গে ফুটবল বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগ গড়ে তোলেন। সেই মৌসুমে চেলসি মাত্র ১৫টি গোল হজম করেছিল, যা এখনো এক অনন্য রেকর্ড।
২. স্যামুয়েল ইতো
ইব্রাহিমোভিচের বিনিময়ে বার্সেলোনা থেকে ইতালিতে পাড়ি জমানো ইতো নিজেকে বিলিয়ে দিয়েছিলেন মরিনহোর কৌশলে। উইংয়ে নেমে দলীয় স্বার্থে কাজ করে ইন্টারের ট্রেবল জয়ে রেখেছিলেন অগ্রণী ভূমিকা।
১. দিদিয়ার দ্রগবা (মার্শেই থেকে চেলসি)
প্রথম মৌসুমে গোলখরায় ভুগলেও মরিনহোর বিশ্বাসে ভর করে চেলসির ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন দ্রগবা। বড় ম্যাচের এই অঘোষিত নায়ক চেলসিকে জিতিয়েছেন অসংখ্য শিরোপা। মরিনহোর দৃষ্টিতে তিনি চেলসির ইতিহাসের সবচেয়ে সফল কেনাকাটা।

