ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ


এপ্রিল ২৮, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা Rosatom-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোসাটমের মহাপরিচালক। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রাশিয়ার প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। পাশাপাশি পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কারিগরি দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আইসিটি উপদেষ্টা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এই সাক্ষাৎকে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকেও আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।