ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী


এপ্রিল ২৪, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চার কেন্দ্র—এখানে দলীয়করণের কোনো স্থান নেই। আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সরকার একটি স্থিতিশীল, সহনশীল ও সংবেদনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তারা যে দলেরই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাদের প্রকৃত কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইনের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই।

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশে বিদ্যুৎ সংকট পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই—তবে এটি বৈশ্বিক সমস্যারই অংশ। জনগণের দুর্ভোগ বিবেচনায় জ্বালানির মূল্য সামান্য সমন্বয় করা হয়েছে, যেখানে অনেক দেশে এর চেয়ে বেশি বৃদ্ধি ঘটেছে। তিনি দাবি করেন, সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে এখনো দেশে শিল্পকারখানা বা বিদ্যুৎ সরবরাহ বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হবে না।

ব্যাংক খাতের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, অতীতে দেশ থেকে প্রায় ২৩০ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যার ফলে ব্যাংক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ব্যাংক কার্যত দুর্বল অবস্থায় রয়েছে এবং শেয়ারবাজারও চাপে আছে। ফলে গ্রাহকেরা তাদের আমানত তুলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে ব্যাংক খাতকে পুনরুদ্ধার করতে সময় লাগবে, তবে সরকার এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।