মো. আলামিন (সাভার) প্রতিনিধি: রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তিতে সাভারে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সাভারের রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা-১৯ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, “দীর্ঘ ১৩ বছর পার হলেও রানা প্লাজা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই দীর্ঘসূত্রতা ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে। আমরা অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পুনর্বাসনের দাবি জানাই।” এ সময় উপস্থিত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি লায়ন মো. খোরশেদ আলমের হাতে তুলে দেওয়া হয়।
এদিন সকালে বাংলাদেশ গার্মেন্ট এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন-এর নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে রফিকুল ইসলাম সুজন বলেন, “নিহতদের রক্ত এখনো শুকায়নি, অথচ বিচার প্রক্রিয়া থমকে আছে। আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী ধার্য তারিখে রাষ্ট্রপক্ষকে অবশ্যই সাক্ষী হাজির করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।”
এছাড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তিতে সংহতি জানাতে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে শেষ হয়।দিনটি উপলক্ষে স্মৃতিস্তম্ভের সামনে নিহতদের স্বজনদের কান্নায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা সবাই অভিন্ন কণ্ঠে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

