স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা নারীদের স্বীকৃতি জানাতে প্রতিবছরের মতো এবারও এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সমাজ, অর্থনীতি, শিক্ষা ও মানবিক সংগ্রামে অনন্য অবদান রাখা নারীদের সম্মান জানাতে এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে দৃঢ় মনোবল, পরিশ্রম ও অবদানের মাধ্যমে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ বছর পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন—
১. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার
২. শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন
৩. সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর
৪. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম
৫. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য নারী প্রতিকূলতা ও সামাজিক বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন। তাদের এই সংগ্রাম, নেতৃত্ব ও অবদানকে স্বীকৃতি দিতে এবং অন্য নারীদের অনুপ্রাণিত করতেই এই ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চালু থাকা ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হয়। পাশাপাশি এই স্বীকৃতি নারীদের সাফল্যের গল্পকে সামনে এনে নতুন প্রজন্মকে উৎসাহিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

