ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬

ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


মার্চ ৪, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অস্ত্রধারী ও দাগি আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনীতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “এটি জনগণের সরকার। আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করা উচিত।” পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে কাজ করতে প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যক্তিকেন্দ্রিক পুলিশিং নয়— আইন অনুযায়ীই কার্যক্রম পরিচালিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনের কারণে অনেকে ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে।”

রাজধানীর যানজট নিরসনে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ডিএমপিকে ভাবতে বলা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।