

স্টাফ রিপোর্টার: জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অস্ত্রধারী ও দাগি আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনীতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “এটি জনগণের সরকার। আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করা উচিত।” পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে কাজ করতে প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যক্তিকেন্দ্রিক পুলিশিং নয়— আইন অনুযায়ীই কার্যক্রম পরিচালিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনের কারণে অনেকে ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে।”
রাজধানীর যানজট নিরসনে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ডিএমপিকে ভাবতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭