হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।আদালতের বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন নির্ধারণ করেছেন।বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল সমর্থক হিসেবে দাবি করেছেন। তাঁর পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এডভোকেট মো. আঙ্গুর আলীসহ আরও কয়েকজন।
মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, একই আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান শেলিমসহ মোট ৫৬ জনকে।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ২৪ জুলাই হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে ছাত্র ও জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে অভিযুক্তরা নির্বিচারে গুলি চালান। এতে বাদী মাহমুদুল হাসানসহ কয়েকজন আহত হন।মামলাটি প্রাথমিকভাবে আদালত আমলে নিলেও বিষয়টি তদন্ত ও পরবর্তী পদক্ষেপ আদালতের আদেশের ওপর নির্ভর করবে।

