স্টাফ রিপোর্টার: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোরের দিকে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে একদল লোক এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখের ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখসহ কয়েকজনকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত আরও একজনকে সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

