প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৩: ৪৫
গোপালগঞ্জসহ দেশের নানা জায়গায় সহিংসতার সময় যাদের হাতে অস্ত্র দেখা গেছে, সেই চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরো বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের নামে যেকোনো মিছিল, সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি পালন পুরোপুরি বেআইনি ও নিষিদ্ধ।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, সেখানে অস্ত্র হাতে মিছিলে অংশ নেওয়া এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ ও ছবি দেখে নির্ভুলভাবে শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত হওয়া অপরাধীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী এরই মধ্যে সেখানে অভিযান শুরু করেছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নামে অগ্নিসংযোগ, সহিংসতা এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার মতো ফৌজদারি অপরাধ ঘটেছে। এ ধরনের নৃশংসতা ও আইনশৃঙ্খলা নষ্ট করার মতো কর্মকাণ্ড সরকার কোনোভাবেই বরদাশত করবে না।
আওয়ামী লীগের ভেতরের সাংগঠনিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, দলটির একশ্রেণির ‘নন-পলাতক’ নেতাকর্মী পলাতক নেতাদের প্ররোচনা ও উসকানিতে আইনশৃঙ্খলাবিরোধী অপরাধে জড়িয়ে পড়ছেন।
সতর্ক করে দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, পলাতক নেতাদের কথায় যারা অপরাধ করছেন, সেই ফৌজদারি অপরাধের দায় নন-পলাতক কর্মীদেরই বহন করতে হবে। এ কারণে তিনি অবিলম্বে এসব অপরাধমূলক তৎপরতা বন্ধ করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

