ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে


ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন। আদালতে হাজির করা বাকি দুই আসামি হলেন— ড. শফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।

শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তিনি আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের হেফাজতে রাখা প্রয়োজন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে চারজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে, রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত তাদের বাসা থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেপুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় উত্তরা পশ্চিম থানা পুলিশ বিমানের এমডি ড. শফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির বাবা মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে শিশু গৃহকর্মীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক ও মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।