আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “অদম্য নারী–পুরস্কার” শীর্ষক বিশেষ কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানমের সঞ্চালনায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অদম্য নারীদের নাম ঘোষণা করা হয়। সম্মাননা হিসেবে নির্বাচিত নারীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।
এ বছরের “অদম্য নারী” হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেন—
- উমেদপুর ইউনিয়নের গাড়াখোলা গ্রামের সেতু খাতুন
- হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের মালেকা খাতুন
- পৌরসভার হাবিবপুর গ্রামের মোছাঃ শাহনাজ পারভীন
- বগুড়া গ্রামের মোসাঃ তামান্না আক্তার ইতি
- চাপড়ি গ্রামের রত্নগর্ভা মা লতিফা বেগম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সফল নারীরা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা।বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক অধিকার, নিরাপত্তা, ও সম্মান নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।
তারা নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী নেতৃত্ব ও সফলতার পথ আরও সুগম করার আহ্বান জানান।শৈলকুপায় আয়োজিত এ অনুষ্ঠানটি নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

