রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সহযোগিতা করেন ,গ্রাম বিকাশ কেন্দ্র, ইকো সোশ্যাল ডেপলোপমেন্ট অর্গানাইজেশন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা।
আলোচনা সভায় সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন বলেন,দূর্যোগেকালীন সময়ে মানুষকে প্রস্তুত করে গড়ে তোলাই দুর্যোগ প্রশমন দিবসের মূল লক্ষ্য। সরকার এখন দুর্যোগ ব্যবস্থাপনাকে মানবিক দায়িত্বের পাশাপাশি টেকসই উন্নয়নের অংশ হিসেবে বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সজীবুল বলেন, দুর্যোগে সরকারী সহায়তার চেয়ে দূর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রশিক্ষণই সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে । প্রত্যেক মানুষ যদি নিজের পরিবারের জন্য প্রস্তুতি নেয়, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।তিনি বলেন,দুর্যোগকে পুরোপুরি রোধ করা সম্ভব নয়, তবে আগাম প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগ ব্যবস্থাপনা কেবল ত্রাণ বিতরণের বিষয় নয়,এটি একটি চলমান উন্নয়ন প্রক্রিয়া।
অনুষ্ঠানের শেষাংশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যাকালীন উদ্ধারকাজের মহড়া প্রদর্শন করেন। উপস্থিত সকলেই প্রশিক্ষণমূলক এ কার্যক্রম গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করে বলেন, দূর্যোগ প্রমোশন দিবসে মহড়া ও প্রশিক্ষণ অবলোকনের মাধ্যমে সকলেই উপকৃত হবে।

