ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

dailyvorerkhabor
নভেম্বর ২৩, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৩: ১৪

কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আহত যাত্রী তানিয়া সুলতানা (২২) মারা গেছেন। সোমবার সকাল সাতটায় চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

দুর্ঘটনার দিনই তানিয়ার স্বামী ও ৬ মাসের শিশু সন্তান নিহত হয়। এ নিয়ে ওই ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত হলেন। দুর্ঘটনায় নিহত কাশিফার ৭ মাসের মেয়ে এখনো চিকিৎসাধীন আছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত রায়হান (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফা।

চিকিৎসাধীন ছিলেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা (২২), কাশিফার স্বামী সাকিল, তাদের এক শিশু সন্তান এবং সিএনজিচালক জয়নাল আবেদীন।

নিহতদের স্বজনরা জানান, ওই দিন জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ট্রেন আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হন আরও কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ বলেন, গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোমবার আরও একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।