প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮: ৩৬
আমরা ছোটবেলায় নীতিশিক্ষার গল্পে একটি পরিচিত কাহিনি পড়েছি—দুই বিড়ালের রুটি ভাগের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে এক বানরের আগমন। সুবিচারের দোহাই দিয়ে এবং সাম্যের কথা বলে বানরটি দাঁড়িপাল্লায় একদিকে বেশি, অন্যদিকে কম বলে দুপক্ষকেই ঠকিয়ে শেষ পর্যন্ত পুরো রুটিটাই গিলে ফেলেছিল।
গল্পটি শুধু শিশুদের নীতিশিক্ষা নয়; রাজনীতিতেও যখন অপরাধের ভুক্তভোগী ও গণহত্যার মতো অপরাধের দায়ে অভিযুক্ত পক্ষকে একই পাল্লায় মেপে তথাকথিত ‘সমঝোতা’ কিংবা ‘পুনর্মিলনের’ ছক আঁকা হয়, তখন সেই পুরোনো বানরের চাতুরীই ভেসে ওঠে। এ রকম আয়োজন হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা পার পেয়ে যাওয়ার সুযোগ পান; আর মাঝখান থেকে ‘শান্তি’ ও ‘ঐক্যের’ নামে অন্যায়েরই নতুন জীবন শুরু হয়।
একটি দেশের রাজনৈতিক সংকট শুধু ক্ষমতার পালাবদলে শেষ হয় না। ক্ষমতার রদবদলের সঙ্গে বদলাতে হয় রাষ্ট্রের শাসনব্যবস্থার
চরিত্র, প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংস্কৃতি এবং রাজনীতির নৈতিক মানদণ্ড। বিশেষ করে যখন কোনো দলের বিরুদ্ধে দীর্ঘদিনের ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় নিপীড়ন, হত্যা এবং গুম করে আয়নাঘরের মতো গোপন বন্দিশালায় বছরের পর বছর নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের ভয়াবহ অভিজ্ঞতা জড়িত থাকে—যাদের এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে জনগণ উৎখাত করেছে—তাদের জন্য ‘পুনর্মিলন’ শব্দটি উচ্চারণের আগে সবচেয়ে জরুরি হয়ে ওঠে এই প্রশ্ন—‘যারা এ কথা বলছেন, তাদের মনুষ্যত্ববোধ বা মানসিকতা আদৌ কার্যকর কি না?’
সম্প্রতি ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি অধিবেশনে ‘জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক আলোচনায় সংঘাত-পরবর্তী রাজনীতির গতিপথ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সুশীল সমাজ ও আন্তর্জাতিক বক্তাদের প্যানেল থেকে উঠে আসা পুনর্মিলনের ধারণাটি স্বাভাবিকভাবেই একটি কঠিন প্রশ্ন সামনে এনেছে—বাংলাদেশে ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রশ্ন নিষ্পত্তি না করে কোনো রাজনৈতিক পুনর্মিলনের আলোচনা কি আদৌ অর্থবহ হতে পারে?
এরই ধারাবাহিকতায় তথ্য উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নিজেদের দায় স্বীকার করে এগিয়ে এলে তাদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া সম্ভব। তার মতে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশনের প্রাথমিক ভিত্তি তৈরি করতে হবে এবং দলটি নিজেদের দায় স্বীকার করে এগিয়ে এলে এ উদ্যোগকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই।
প্রথম দৃষ্টিতে বক্তব্যটি রাজনৈতিকভাবে উদার মনে হলেও এখানেই আপত্তির জায়গাটি গভীরভাবে ভেবে দেখা দরকার। ‘দায় স্বীকার’ বলতে যদি কেবল মৌখিক বা রাজনৈতিক স্বীকৃতিকে বোঝানো হয়, আর তার বিনিময়ে নিহত ব্যক্তিদের পরিবার, আহত ও পঙ্গু হয়ে যাওয়া মানুষের ন্যায়বিচার, রাষ্ট্রীয় অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত এবং ব্যক্তিগত ও দলীয় দায় নির্ধারণের প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়, তাহলে সেটি পুনর্মিলন হবে না; বরং তা হবে বিচারকে ধামাচাপা দিয়ে গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের পথ তৈরি করা।
এখানেই আরো কঠিন প্রশ্ন—যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের বিচার পাওয়ার আগেই কি তাদের রাজনৈতিক পুনর্মিলনের কথা উঠবে? নিখোঁজ মানুষের স্বজনেরা উত্তর পাওয়ার আগেই কি কেবল একটি রাজনৈতিক ঘোষণা দিয়ে অতীতের সব রক্ত ও অপরাধ মুছে ফেলার চেষ্টা হবে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং নাৎসি শাসনামলের অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল। সেখানে কোনো সুশীল সমাজ বা নেতা নাৎসিদের দায় স্বীকারের বিনিময়ে তাদের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের প্রস্তাব দিয়েছেন—এমন দাবি করার আগে ঐতিহাসিক প্রেক্ষাপট ও নির্দিষ্ট তথ্য যাচাই করা প্রয়োজন। রুয়ান্ডার গণহত্যার পরও অপরাধীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। একইভাবে কম্বোডিয়ায় খমের রুজের শাসনামলের অপরাধের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়।
আজ এত বছর পরও জার্মানিতে নাৎসিবাদের পুনরুত্থান বা তাদের পুনর্বাসন নিয়ে আলোচনা ঐতিহাসিক অপরাধ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন সামনে আনে। অথচ আমাদের দেশে শহীদদের রক্তের দাগ মোছার আগেই, আহতদের যন্ত্রণা শেষ না হতেই ‘দায়মুক্তি’ ও ‘পুনর্মিলন’-এর নামে অভিযুক্তদের ফিরিয়ে আনার চিন্তা চলছে! নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা টেনে যেকোনো রাজনৈতিক শক্তিকে আইনগত ও সাংবিধানিকভাবে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবি তোলার আগে সংশ্লিষ্ট অপরাধ, সংগঠনের ভূমিকা এবং প্রযোজ্য আইনি কাঠামো বিবেচনা করা জরুরি। তা না করে ‘সফট পাওয়ার’ দিয়ে রাজনৈতিক পুনর্বাসন জায়েজ করার চেষ্টা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে।
আমাদের একটি মৌলিক পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে হবে—‘পুনর্মিলন’ ও ‘পুনর্বাসন’ এক জিনিস নয়। পুনর্মিলন হলো সংঘাত-পরবর্তী সমাজে সাধারণ নাগরিকদের বিভাজন কমিয়ে আস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া। অন্যদিকে পুনর্বাসন বলতে এখানে বোঝানো হচ্ছে গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত কোনো রাজনৈতিক শক্তিকে বিচার ও জবাবদিহিতার মুখোমুখি না করেই আবার রাজনীতির মূলধারায় বৈধতা দেওয়া। এই দুই ধারণাকে গুলিয়ে ফেললে ন্যায়বিচারই সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে।
ইতিহাস আমাদের সতর্ক করে—‘জাতীয় ঐক্য’, ‘ভুলে যাওয়া’ কিংবা ‘সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া’র মতো শ্রুতিমধুর শব্দবন্ধ অনেক সময় গুরুতর অপরাধের দায় এড়িয়ে যাওয়ার রাজনৈতিক প্রচ্ছদ হিসেবে ব্যবহৃত হয়। যে রাষ্ট্রকাঠামোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে, সেখানে পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত না করে ‘সবাইকে এক টেবিলে বসানোর’ উদ্যোগ সত্য উদ্ঘাটনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
দক্ষিণ আফ্রিকার ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ প্রক্রিয়ার উদাহরণ যারা দেন, তাদের মনে রাখা উচিত—সেখানে বর্ণবাদী শাসনামলের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে আনা, ভুক্তভোগীদের অভিজ্ঞতা নথিবদ্ধ করা এবং নির্দিষ্ট শর্তে ক্ষমার ব্যবস্থা ছিল। কম্বোডিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার তুলনায় বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ভিন্ন। তাই ভুক্তভোগীদের বিচার থেকে বঞ্চিত করে কোনো আন্তর্জাতিক মডেলের দোহাই দেওয়া অর্থহীন।
বাংলাদেশের বর্তমান সংকট নিরসনে পথ তাই একেবারেই পরিষ্কার—আগে সত্য উদ্ঘাটন, তারপর বিচার; আগে গণহত্যার দায় নির্ধারণ ও উপযুক্ত শাস্তি, তারপর অন্য কিছু। যারা কোনো অপরাধে সরাসরি জড়িত ছিলেন না, সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্র তাদের অধিকার রক্ষা করবে। কিন্তু যে রাজনৈতিক দলের বিরুদ্ধে নীতিনির্ধারণের পর্যায়ে গণহত্যা ও গুমের সংস্কৃতি চালানোর অভিযোগ রয়েছে, সেই দলের দায় নির্ধারণ এবং তার ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে আইনি প্রক্রিয়া, প্রমাণ ও গণতান্ত্রিক নীতির ভিত্তিতে।
আমাদের প্রয়োজন নেই মুখের দায় স্বীকারের বিনিময়ে গুরুতর অপরাধে অভিযুক্তদের রাজনৈতিক পুনর্বাসন। প্রয়োজন এমন একটি কঠোর আইনি ও বিচারিক কাঠামো, যেখানে অপরাধীর পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে বিচার ও শাস্তি নিশ্চিত হবে। অতীতকে ভুলে যাওয়ার নাম পুনর্মিলন নয়। অতীতের সত্য স্বীকার করা, শহীদ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধের দায় নির্ধারণ এবং ভবিষ্যতে একই ধরনের স্বৈরাচারী শাসন যাতে আর মাথাচাড়া দিতে না পারে, তার প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা তৈরি করাই আজকের প্রথম ও প্রধান শর্ত। নইলে ‘সমঝোতা’ ও ‘পুনর্মিলন’ নামের সুন্দর শব্দগুলোর আড়ালে যে দায়মুক্তির নতুন ছক তৈরি করা হচ্ছে, তার খেসারত শেষ পর্যন্ত পুরো রাষ্ট্র ও আগামী প্রজন্মকেই দিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

