প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২০: ০০
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ আট বছর অপেক্ষার অবসান ঘটাল ইংল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৯৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে হ্যারি ব্রুকের দল। বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে সনি বেকারের বিধ্বংসী পারফরম্যান্সে বড় জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে ২০১৭-১৮ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল ইংল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও সিরিজের শেষ লড়াইয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন ডাকেট। ১১৫ বলে ১৫টি চার ও তিনটি ছক্কায় ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাঁর তৃতীয় এবং ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। টম ব্যান্টনের ৪৪ ও উইল জ্যাকসের ৫৯ রানের ইনিংসে ভর করে ৪৮.৩ ওভারে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস নেন চার উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র পাঁচ রানেই দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শকে হারায় স্বাগতিকরা। এরপর ম্যাট রেনশ ৫৫ ও অ্যালেক্স ক্যারি ৩৭ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে সনি বেকার ৪৫ রানে চারটি এবং লিয়াম ডসন ৪২ রানে তিনটি উইকেট নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

