নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একই দিনে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের ধাক্কায় এবার মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ৮ বছর বয়সী নাতি গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দরের সামনে এ সংঘর্ষ ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৭)। দুর্ঘটনায় আহত নাতি জুলকার নাঈন (৮) নিহত বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
জানা গেছে, শুক্রবার বিকেলে বাবুল হাসান তার স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় একটি দাওয়াত খেতে যাচ্ছিলেন। যাওয়ার পথে এরুলিয়া বিমানবন্দরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত অবস্থায় জেসমিন বিবিকে ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবি মারা যান। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন মন্ডল জানান, মোটরসাইকেল চালক তার পরিবারকে বাঁচানোর জন্য গাড়িটি রাস্তার একদম বাঁয়ে নামিয়ে নিয়েছিলেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার সরাসরি মোটরসাইকেলটিকে আঘাত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশ ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ভোরে একই সড়কের এরুলিয়া এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় ৭ দিনমজুর নিহত হন। একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

