ভোরের খবর প্রতিবেদক: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রথম আসরের শিরোপা জেতার টাটকা স্মৃতি নিয়ে পালিচড়ার মেয়েরা এবার আরেক লড়াইয়ের জন্য প্রস্তুত—দৃষ্টি জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবলে। এই আসরের সাফল্যটা অবশ্য নতুন নয়, বরং নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে রংপুর।২০১৫ সালে রানার্সআপ হওয়ার পর ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের বালিকারা। এবার পঞ্চম শিরোপার লক্ষ্যে নামছে দলটি। দলের কোচ মিলন মিয়া জানালেন, নিজেদের অসাধারণ নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মুখিয়ে আছে রংপুরের দলটি। আজ থেকে শুরু হচ্ছে আসরের ফাইনাল রাউন্ড। প্রথম দিনই মাঠে নামছে রংপুর, প্রতিপক্ষ ঝিনাইদহ। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতি বছর এ আসর আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যেখানে এবার ধারাবাহিকতা ধরে রাখতে চায় রংপুর জেলার হয়ে খেলতে যাওয়া পালিচড়ার মেয়েরা। দলের অন্যতম সদস্য অনন্যা খানম এ প্রসঙ্গে বলছিলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাস বেড়েছে আমাদের। দলের বোঝাপড়া ও শৃঙ্খলা খুব ভালো। আশা করি এবারও আমরা সাফল্য আনতে পারব।’ দলের কোচ মিলন মিয়ার ভাষায়, খেলোয়াড়দের গতি ও আক্রমণাত্মক কৌশল প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদও আশাবাদী এ দল নিয়ে। তার কথায়, মেয়েদের এ ধারাবাহিকতা শুধু ট্রফি জয়ের পথ সুগম করবে না, নারী ফুটবলারদের ভবিষ্যৎ গড়ায়ও রাখবে বড় ভূমিকা।

