স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নারী ও পুরুষের সমান মজুরি নিশ্চিত করতেও সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৯টি কনভেনশন এবং একটি প্রোটোকল অনুসমর্থন করেছে এবং সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, সাম্প্রতিক ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব শ্রমিকের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ বছরের মে দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই চেতনাকে ধারণ করেই বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, ১৮৮৬ সালের হে মার্কেট ঘটনা-এ ৮ ঘণ্টা কর্মদিবসসহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষেরাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি ও অবকাঠামো। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের দেশের উন্নয়নের প্রধান শক্তি হিসেবে দেখতেন এবং তাদের কল্যাণে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে তার ভূমিকা আজও গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়।
বিবৃতিতে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি এ লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

