ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

জিয়াউলের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ তার বোনের বিরুদ্ধে

dailyvorerkhabor
নভেম্বর ২২, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৯: ০৩

শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে তার বোন ভুয়া সাক্ষী উপস্থাপন করেছেন বলে অভিযোগ তুলেছে প্রসিকিউশন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ ঘটনা ঘটে। এদিন ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তাসলিমা জাহান পপি নামে একজন আইনজীবী। এ সময় জিয়াউলের বোন ও তার আইনজীবী নাজনিন নাহার ট্রাইব্যুনালে শুনানি করেন। সাক্ষী ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে কিছু ডকুমেন্টারি এভিডেন্স ও ভিডিও ডকুমেন্ট দাখিল করেছেন।

প্রসিকিউশনের অভিযোগ, এসব ডকুমেন্ট দাখিল শেষে তাকে জেরা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর সাক্ষীর কাছে জানতে চান, যেসব ডকুমেন্ট তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন, তাতে কী আছে, তা তিনি জানেন কি না? সাক্ষী জানান, তিনি কিছু জানেন না। ডকুমেন্টগুলো তিনি জিয়াউলের স্ত্রীর কাছ থেকে পেয়েছেন। তবে জিয়াউলের স্ত্রীর সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি। কাগজপত্রগুলো সঠিক কি না, তা তিনি যাচাই করে দেখেননি।

প্রসিকিউশন বলছে, পরে এই সাক্ষী স্বীকার করেন, ট্রাইব্যুনালে উপস্থাপিত তার জাতীয় পরিচয়পত্রে দেওয়া স্বামীর নাম সঠিক নয়, পিতার নাম সঠিক নয়, নিজের নামেও ভুল আছে এবং তার জন্মতারিখও সঠিক নয়।

প্রসিকিউশনের আরও অভিযোগ, এ ছাড়া এই সাক্ষীর ঢাকা বার কর্তৃক ইস্যুকৃত মেম্বারশিপ ইনফরমেশনে পিতার নাম শাহিনুর রহমান লেখা আছে। এর পর সাক্ষী জানান, এটি তার স্বামীর নাম। জিয়াউলের বোনের উপস্থাপিত এই সাক্ষী স্বীকার করেছেন, তিনি এই মামলায় যেসব ডকুমেন্ট পেয়েছেন, তাতে কী আছে, তা তিনি জানেন না। তিনি স্বীকার করেছেন, তার পিতার নাম, স্বামীর নাম ও জন্মতারিখে যে বিভ্রান্তি রয়েছে, এগুলো সঠিক করার জন্য তিনি কোথাও কোনো আবেদন করেননি।

পরে প্রসিকিউশন জানায়, তারা ট্রাইব্যুনালে এই সাক্ষীর ব্যাপারে অভিযোগ দিয়ে বলেছেন, এই ব্যক্তি নিজেকে আইনজীবী দাবি করে জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। তিনি সঠিক ব্যক্তি নন। তিনি ভুল পরিচয়ে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। তার উদ্দেশ্য হলো, ভবিষ্যতে যেন ট্রাইব্যুনাল তাকে ধরতে বা শনাক্ত করতে না পারে। এ কারণে নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম এবং জন্মতারিখ ভুল উল্লেখ করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই ব্যক্তি ট্রাইব্যুনালের বিচারকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা পরিচয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

পরবর্তীতে যখন এই সাক্ষী নিজেই এই গরমিলের কথা স্বীকার করেন, তখন আসামিপক্ষের আইনজীবী নাজনিন সাক্ষীকে রিকল করেন। রিকল করে তার রি-এক্সামিনেশন নিয়েছেন। অর্থাৎ, আরেকটি নতুন আইডি কার্ড ট্রাইব্যুনালে দাখিল করেন। আমরাও সেই আইডি কার্ডের ওপর জেরা করেছি। তাতে দেখা যায়, একই ব্যক্তির ভিন্ন ভিন্ন আইডি কার্ডে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। এটাও আমরা দেখিয়েছি যে, তিনি যে আইডি কার্ডগুলো আজকে ট্রাইব্যুনালে দিয়েছেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই আইডি কার্ডের তথ্য নেই।

প্রসিকিউশন জানায়, আজকে জিয়াউল আহসানের পক্ষে যে একমাত্র সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য উপস্থাপন করেছেন, তার ক্রেডিবিলিটি নেই। তার সাক্ষ্যের কোনো আইনগত মূল্য নেই। ট্রাইব্যুনাল তার জবানবন্দি এবং জেরা সম্পন্ন রেকর্ড করেছে। কোর্ট তাদের জাজমেন্টে হয়তোবা এ সম্পর্কে কথা বলতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।