ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সালথার ওসিসহ টিম পাচ্ছে পুরস্কার

dailyvorerkhabor
নভেম্বর ২১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৪: ৩৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৪: ৪৩

দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সংঘটিত ওই নাশকতায় থানা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অস্ত্রাগারে রক্ষিত সরকারি এবং পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওই দিনই সালথা থানার ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার এই পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।

এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সব অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তার টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, ওসি বাবলুর রহমান খান ও তার সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্যই অত্যন্ত গর্বের।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুলুর রহমান খান এর আগেও যশোর ও ফরিদপুরে কর্মরত অবস্থায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাহসিকতার জন্য একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কার লাভ করেছেন। তিনি বলেন, পুরস্কার বা প্রশংসা পাওয়ার জন্য আমি কাজ করি না। আমি সব সময় আমার দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করি মাত্র। পুলিশ সুপার মহোদয়সহ সালথা থানা টিমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনকালে যারা সার্বিক সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।