ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বাংলাদেশে চলে যান, বিনা ভিসায় পাঠাব: দিলীপ ঘোষ

dailyvorerkhabor
নভেম্বর ১৯, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১: ১৫

পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ (ইউপি) ও গুজরাটের আদলে গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। অপরাধ দমনে এনকাউন্টার ও বুলডোজার ব্যবহারের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেছেন, রাজ্যে থাকতে অসুবিধা হলে ভিন্নমতাবলম্বীরা বাংলাদেশে চলে যেতে পারেন। প্রয়োজনে বিনা ভিসায় পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে দিলীপ ঘোষ বলেন, বাংলাকে ইউপি, গুজরাট করব। কারো বাপের হিম্মত থাকলে আটকাক। বাংলায় থাকতে অসুবিধা হলে বাংলাদেশে চলে যান, বিনা ভিসাতেই পাঠিয়ে দেব।

তার এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাজ্যের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও রাজনৈতিক মতবিরোধের প্রসঙ্গে বারবার বাংলাদেশের নাম টেনে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

অপরাধ দমনের কথা বলতে গিয়ে এনকাউন্টার ও বুলডোজার ব্যবহারের পক্ষেও জোরালো অবস্থান জানান দিলীপ ঘোষ। হিন্দু নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে অভিযুক্তদের বিরুদ্ধে এনকাউন্টার করা হবে। তার ভাষায়, পাঁচটা কেন, প্রয়োজনে পাঁচশো এনকাউন্টার পড়বে। বুলডোজারও চলবে।

রাজ্যে অপরাধ ও রাজনীতির অপরাধীকরণ বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, অপরাধীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগসাজশের কারণে নারীদের ওপর নির্যাতন ও লুটপাটের ঘটনা বাড়ছে। পুলিশকে চ্যালেঞ্জ করা এবং আইন অমান্য করাকে অনেকে অভ্যাসে পরিণত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, পুলিশের কাজে কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যারা পুলিশ ও সাধারণ মানুষকে গুলি করছে, তাদের সমাজে ছেড়ে রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী। তার অভিযোগ, নির্বাচনে জয়ী হলে বিরোধীরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সঠিক বলে মনে করেন, আর পরাজিত হলেই সেগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, জিতলে সব সাংবিধানিক প্রতিষ্ঠান ঠিক, হারলেই প্রশ্ন! এ ধরনের সমালোচনা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে বলে দাবি করেন তিনি। বিরোধীরা ক্ষমতায় থাকার সময় নিজেরাই গণতান্ত্রিক অধিকার ও বিচারব্যবস্থাকে যথাযথ সম্মান করেননি বলেও অভিযোগ করেন দিলীপ।

এদিকে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাইরে থেকে আসা নেতা-কর্মীদের প্রসঙ্গেও কথা বলেন তিনি। দিলীপ ঘোষের দাবি, বিজেপি কোনো আঞ্চলিক দল নয়। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রে দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিজ্ঞতা দলটির রয়েছে। দলে সুযোগসন্ধানীদের আসা-যাওয়ার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, গঙ্গায় বৃষ্টির জলে ময়লা আসে, আবার তা ভেসে চলে যায়। দল পরিষ্কারই থাকবে।

তবে তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে ভিন্নমতাবলম্বীদের বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ ও বিনা ভিসায় পাঠিয়ে দেওয়ার হুমকি। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে প্রতিবেশী বাংলাদেশের প্রসঙ্গ টেনে এমন মন্তব্যের রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য নিয়েও প্রশ্ন উঠছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।