উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১: ৪১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১: ৪২
গ্রিসে যেতে লিবিয়া থেকে সাগরপথে যাত্রা করেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাত যুবক। কিন্তু ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকাডুবির পর থেকে নিখোঁজ রয়েছেন ৬ জন। নিখোঁজের ১৫ দিন পার হলেও তাদের কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
একই নৌযানে থাকা তাদের এক সহযাত্রী প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তার বর্ণনায় উঠে এসেছে সাগরে নৌকায় ছিদ্র, যাত্রীদের পানিতে পড়ে যাওয়া এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ অভিজ্ঞতা।
নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে তারা লিবিয়ায় পাড়ি জমান। সেখান থেকে গত ৩১ অক্টোবর প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন সাত যুবক।
তাদের মধ্যে রয়েছেন—পুরাকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া, ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া এবং লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়া।
তাদের মধ্যে পুরাকলা গ্রামের মাসুম মিয়া গ্রিসে পৌঁছেছেন। পরিবারের সদস্যদের কাছে তিনি জানান, তাদের নৌকায় প্রায় ৬০ জন ছিলেন। একপর্যায়ে ভূমধ্যসাগরের মাঝপথে প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এরপর যাত্রীরা একে একে পানিতে পড়ে যান। দুই দিন পর তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর একটি বাড়ির সন্ধান পান। সেখানকার লোকজন তাকে সহযোগিতা করেন। পরে তিনি গ্রিসে পৌঁছান।
নিখোঁজ ব্যক্তিদের পরিবারের দাবি, গ্রিসে পাঠানোর কথা বলে দালালকে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সন্তান ও স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিস যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয় যুবকের সন্ধান ও তাঁদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্বজনেরা।
মাধবপুর-হবিগঞ্জ প্রতিনিধি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

