উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৬: ১৬
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। ছাগলনাইয়া থানার বর্তমান ওসি মো. আবু তাহেরকে পরশুরাম মডেল থানায় এবং পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ আশরাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জেলা পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীর নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহ যোগদানের পর দুই কর্মকর্তা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আশরাফুল ইসলাম গত বছরের ৭ ডিসেম্বর পরশুরাম মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, চলতি বছরের ২২ জুন মো. আবু তাহের ছাগলনাইয়া থানার ওসি হিসেবে দায়িত্ব নেন।
পরশুরাম ও ছাগলনাইয়া—দুটি উপজেলাই সীমান্তবর্তী হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে থানা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর দুই কর্মকর্তা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কী ধরনের ভূমিকা রাখেন, সেদিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, ফেনী জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

