ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

dailyvorerkhabor
নভেম্বর ১৫, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৫: ১১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৫: ১১

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরলে বিদেশি বিনিয়োগকারীরা আবারও এ অঞ্চলের আবাসন খাতে আগ্রহী হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। দুবাইয়ের বাড়িভাড়া থেকে ভালো মুনাফা, করসুবিধা ও জনসংখ্যা বৃদ্ধি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়লে ইরান যুদ্ধের অবসানের পথ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও আবুধাবির আবাসন বাজারে নতুন করে চাহিদা বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের আবাসন খাতও এর সুফল পেতে পারে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের সম্পত্তি বাজারেও। বাজার গবেষণা প্রতিষ্ঠান জেএলএলের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দুবাই ও আবুধাবিতে আবাসন কেনাবেচার চাহিদা কমেছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হলে বিদেশি ক্রেতারা আবারও বেশি সংখ্যায় ফিরতে পারেন বলে মনে করছেন আবাসন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পত্তি কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম জুয়াই আইকিউআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কাশিফ আনসারি বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে বিদেশি ক্রেতাদের আগমন বাড়তে পারে। তার মতে, মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন দেশটির পররাষ্ট্রনীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনবে—এমনটা ভাবার সময় এখনো আসেনি। তবে ২০২৭ সালে দুবাইসহ মধ্যপ্রাচ্যের আবাসন বাজার নিয়ে তারা আশাবাদী।

লেনদেন ও বাড়ির দামে নিম্নমুখী প্রবণতা

জেএলএলের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আবুধাবিতে আবাসন কেনাবেচার মোট লেনদেন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। চলতি বছরের শুরু থেকে প্রথমবারের মতো শহরটিতে বার্ষিক ভিত্তিতে লেনদেন কমার ঘটনা ঘটল।

একই সময়ে দুবাইয়ে সম্পত্তি বিক্রির পরিমাণ কমেছে ৩৭ দশমিক ৭ শতাংশ। বাড়ির দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আবুধাবিতে তৃতীয় প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় টাউনহাউসের দাম কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। দুবাইয়ে ফ্ল্যাট ও ভিলার দাম যথাক্রমে ১ দশমিক ৮ ও ১ দশমিক ৬ শতাংশ কমেছে।

যুদ্ধ শুরুর আগে বিলাসবহুল আবাসনের বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল দুবাইয়ের। নাইট ফ্রাঙ্কের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর শহরটিতে ১ কোটি মার্কিন ডলার বা তার বেশি দামের ৪২৬ থেকে ৪৯৯টি বাড়ি বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে হংকং, লন্ডন ও নিউইয়র্কের মতো শহরগুলোকেও ছাড়িয়ে গিয়েছিল দুবাই।

তবে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মোট বিক্রয়মূল্যের হিসাবে দুবাইকে ছাড়িয়ে গেছে হংকং। শুক্রবার প্রকাশিত নাইট ফ্রাঙ্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রান্তিকে হংকংয়ে ৭৮টি অতি বিলাসবহুল বাড়ি বিক্রি হয়েছে, যার মোট মূল্য ১৫৮ কোটি ডলার। অন্যদিকে দুবাইয়ে ৮৬টি বাড়ি বিক্রি হয়েছে, যার মোট মূল্য ১৫৭ কোটি ডলার। অর্থাৎ বিক্রির সংখ্যায় দুবাই এগিয়ে থাকলেও মোট বিক্রয়মূল্যে এগিয়ে গেছে হংকং।

বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ এখনো রয়েছে

জুয়াই আইকিউআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনা নাগরিকদের কাছে বিদেশে সম্পত্তি কেনার পছন্দের গন্তব্যগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ছিল দশম স্থানে। ২০২৫ সালের পুরো বছরে দেশটির অবস্থান ছিল নবম।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কাও বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। ইরান-সংশ্লিষ্ট ইয়েমেনের হুতিদের সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি বিমানবন্দর লক্ষ্য করে হামলা এবং রিয়াদের আর্থিক এলাকায় তেল কোম্পানি আরামকোর করপোরেট কার্যালয়ের সাম্প্রতিক ক্ষয়ক্ষতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

তবে যুদ্ধের প্রভাব সত্ত্বেও দুবাইয়ের আবাসন বাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কিছু মৌলিক সুবিধা রয়েছে। করব্যবস্থায় প্রবাসীবান্ধব পরিবেশ, দ্রুত আবাসিক অনুমতি পাওয়ার সুযোগ এবং দীর্ঘমেয়াদি বসবাসের জন্য গোল্ডেন ভিসা বিনিয়োগকারীদের কাছে শহরটিকে আকর্ষণীয় করে রেখেছে।

আবুধাবির বাজারেও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের নজির রয়েছে। হংকংভিত্তিক প্রতিষ্ঠান গাও ক্যাপিটাল গত বছরের মে মাসে শহরটির একটি আবাসিক ভবন কিনতে ১৫ কোটি ডলারের বেশি ব্যয় করে। ভবনটি সাদিয়াত দ্বীপের মামশা গার্ডেনস আবাসন প্রকল্পের সাতটি ভবনের একটি। দ্বীপটিতে লুভর আবুধাবিসহ শহরের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনাগুলো রয়েছে।

সম্পত্তি পরামর্শক প্রতিষ্ঠান কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড কোরের তথ্য অনুযায়ী, ওই সময় আবুধাবির আবাসিক বিনিয়োগ অঞ্চলগুলোতে বাড়ির দাম ও ভাড়ায় দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখা যাচ্ছিল।

জেএলএলের হংকং কার্যালয়ের আন্তর্জাতিক আবাসন বিভাগের প্রধান ফেলিক্স চেউং বলেন, কয়েক বছর ধরে রেকর্ড প্রবৃদ্ধির পর সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আবাসন বাজার এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পর্যায়ে রয়েছে। স্থানীয় ক্রেতাদের চাহিদা শক্তিশালী থাকলেও বাড়ির দাম ও ভাড়া বৃদ্ধির গতি আগের সর্বোচ্চ পর্যায় থেকে কমেছে।

তার মতে, আগামী বছর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরলে দুবাই, আবুধাবি ও আশপাশের অঞ্চলের আবাসন বাজার আরও সহায়তা পেতে পারে। নতুন আবাসন প্রকল্প বাজারে এলেও সেগুলোর সরবরাহ ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বাজারের স্থিতিশীলতা বজায় থাকতে পারে। দীর্ঘমেয়াদি বাসিন্দা ও প্রকৃত বাড়ির ব্যবহারকারীদের চাহিদাও বাজারকে সমর্থন দেবে।

জনসংখ্যা বৃদ্ধি ও ভাড়ার আয় দুবাইয়ের বড় সুবিধা

কাশিফ আনসারির মতে, নিরাপত্তা পরিস্থিতির বাইরে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও জনসংখ্যাগত ভিত্তিও আবাসন বাজারের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি বলেন, মানুষ এখনো দুবাইয়ে আসছেন এবং তাদের বসবাসের জন্য বাড়ি প্রয়োজন। শহরটির জনসংখ্যা বেড়ে ৪৭ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে, যা জানুয়ারির তুলনায় বেশি। শুধু তৃতীয় প্রান্তিকেই ভাড়াটিয়ারা ২ লাখ ৪২ হাজার ৫০০টি ভাড়ার চুক্তি করেছেন।

দুবাইয়ের জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং এশিয়া ও ইউরোপের সঙ্গে সহজ যোগাযোগব্যবস্থাও বিদেশিদের আকৃষ্ট করছে বলে মনে করেন আনসারি। এর পাশাপাশি মার্কিন ডলারের সঙ্গে দিরহামের স্থির বিনিময় হার, ভাড়া থেকে পাওয়া আয়ের ওপর কর না থাকা এবং গোল্ডেন ভিসার সুযোগ বিনিয়োগকারীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে।

বিশেষ করে চীনের বিনিয়োগকারীরা নিজ দেশের তুলনায় বেশি ভাড়ার মুনাফা পাওয়ার সম্ভাবনায় দুবাইয়ের প্রতি আগ্রহী হতে পারেন বলে উল্লেখ করেন তিনি। আবুধাবির ক্ষেত্রেও স্থিতিশীল নিয়ন্ত্রক কাঠামো বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সহায়ক।

আনসারির ভাষায়, চলতি বছরের বাকি সময় এবং ২০২৭ সালে বিদেশি বিনিয়োগ ফিরবে কি না, সেটিই মূল প্রশ্ন নয়; বরং কখন ফিরবে, সেটিই দেখার বিষয়। তবে তা ২০২৭ সালের প্রথম প্রান্তিকে, নাকি তৃতীয় প্রান্তিকে ঘটবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।