পাবনার আটঘরিয়া উপজেলায় মাঠে মাঠে শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কোথাও ধানের ফলন ভালো হয়েছে, আবার কোথাও প্রতিকূল আবহাওয়া ও বাতাসের কারণে জমির ধান হেলে পড়ায় ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলার কয়ড়াবাড়ি মাঠে গিয়ে দেখা যায়, কৃষকেরা পাকা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। কেউ জমি থেকে ধান কাটছেন, আবার কেউ কাটা ধান আঁটি বেঁধে বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ধান কাটাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয়েছে কর্মচাঞ্চল্য।স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ অঞ্চলে মূলত বোনা ও লাগানো—দুই পদ্ধতিতে আমন ধান চাষ করা হয়। বোনা ধানের তুলনায় লাগানো ধানে বীজতলা তৈরি, চারা রোপণ, জমি প্রস্তুত, সার, সেচ, আগাছা দমন এবং পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে তুলনামূলক বেশি খরচ হয়। তবে ভালো ফলন ও বাজারদর পাওয়া গেলে কৃষকেরা উৎপাদন খরচ বাদ দিয়ে লাভবান হওয়ার আশা করছেন।
কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমে বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু জমির ধান মাটিতে পড়ে গেছে। এতে ধান কাটতে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হচ্ছে। ফলে একদিকে যেমন ফলন কমার আশঙ্কা রয়েছে, অন্যদিকে বেড়েছে উৎপাদন খরচ। তবে অনেক জমিতে ধানের ফলন সন্তোষজনক হওয়ায় কৃষকেরা আশাবাদী। স্থানীয় কৃষক আবুল কাশেম বলেন, “এবার ধানের ফলন কিছুটা কম হয়েছে। আবহাওয়ার কারণে ধান পড়ে গেছে। পাটের ক্ষেত শেষ হওয়ার পর আমার জমিতে বোনা ঢেপা জাতের ধান করেছি। এ ধানের ফলন খুব একটা ভালো হবে না। ধান কাটার শ্রমিকের খরচও বেড়েছে। তবে অন্য যেসব কৃষক ধান চাষ করেছেন, তাঁদের অনেকের জমিতে ফলন মোটামুটি ভালো হয়েছে।”তিনি আরও বলেন, বাতাসের কারণে কিছু জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের প্রত্যাশিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।কয়ড়াবাড়ি মাঠে স্থানীয় কৃষকদের মধ্যে কালাম ও সফর, আবুল কাশেম, তোফাজ্জল, জাহান, আলম ও হিরোসহ অনেকে আমন ধান চাষ করেছেন।ধান কাটা শুরু হওয়ায় কৃষকদের মধ্যে বেড়েছে কর্মব্যস্ততা। এখন তাঁদের প্রধান লক্ষ্য দ্রুত পাকা ধান ঘরে তোলা। ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে এ মৌসুমে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করছেন। তবে আবহাওয়ার বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছে কিছুটা হতাশা।

