স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল লিওনেল মেসিকে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নিজ শহর রোজারিওতে। তারই এক ফাঁকে শনিবার তিনি আরোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের একটি ম্যাচ দেখতে যান।এই স্টেডিয়াম তার নিজ শহর রোজারিওর কাছেই অবস্থিত। ম্যাচটি ছিল তার পরিবার পরিচালিত ক্লাব লিওনেস এফসি এবং সেন্ট্রাল কোর্দোবার মধ্যে। কালো হুডি পরে নিজেকে আড়াল রাখার চেষ্টা করে ম্যাচ শুরুর পর মাঠে পৌঁছান মেসি। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে দ্রুতই চিনে ফেলেন সমর্থকরা। টেলিভিশন ক্যামেরা এবং দর্শকদের মোবাইল ফোনে ধরা পড়ে, গোলপোস্টের পেছনের একটা ব্যালকনি থেকে ম্যাচ দেখছিলেন তিনি।
৩৯ বছর বয়সী মেসি হাসিমুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানান। শিশু এবং সমর্থকরা তার নাম ধরে চিৎকার করে, আর উপস্থিত সবাই উষ্ণ করতালিতে তাকে স্বাগত জানান।তবে মাঠের খেলায় স্বাগতিক দলের জন্য উদযাপনের তেমন কিছু ছিল না। সেন্ট্রাল কোর্দোবার কাছে ২-০ গোলে হেরে যায় লিওনেস। এই হারে জোন বি-তে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল লিওনেস। শীর্ষে থাকা কানুয়েলাসের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে। কানুয়েলাসের পয়েন্ট ৩৬।

