মো আলামিন সাভার প্রতিবেদক: ঢাকার সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও বিকাশ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন— মো. মনির ও আমিনুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাভারের কলমা এলাকায় এক নারীর বাড়িতে দুই যুবক গিয়ে নিজেদের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দেয়।
তারা ওই নারীকে বিভিন্ন আইনি জটিলতা ও মামলার ভয়ভীতি প্রদর্শন করে তার মোবাইল ফোনটি নিজেদের দখলে নেয়। একপর্যায়ে জোরপূর্বক ওই নারীর আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ব্যবহার করে মোবাইলের সিকিউরিটি লক খোলে এবং তার ছেলের বিকাশ অ্যাকাউন্ট থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়।
অভিযুক্তদের গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে যোগাযোগ করেন। ডিবি কার্যালয় থেকে নিশ্চিত করা হয় যে, উক্ত নামে তাদের কোনো সদস্য নেই এবং কলমা এলাকায় কোনো অভিযানও চলছে না।
ডিবি পুলিশের সত্যতা পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দুই প্রতারককে হাতেনাতে আটক করে এবং পরবর্তীতে সাভার মডেল থানা পুলিশের সোপর্দ করে।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, আটক দুই যুবককে থানায় হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রচলিত আইনে মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা বাড়ায় স্থানীয়রা যেকোনো ব্যক্তি পুলিশ, ডিবি বা র্যাবের পরিচয় দিলে তাদের পরিচয়পত্র যাচাই করার এবং দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

