আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাটি সোমবার (২৯ জুন) বেলা ২টার দিকে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় ঘটে। নিহত তীর্থ বিশ্বাস ভাটইবাজার গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক বেলা ১২.৩০ দিকে তীর্থ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথে ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তীর্থ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা তপন কুমার বিশ্বাস বলেন, মাত্র দুই মাস আগে আমার ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। সে অনেক জেদ ধরেছিল, তাই বাধ্য হয়ে কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলই আমার ছেলের প্রাণ কেড়ে নিল। এখন আমি কী নিয়ে বাঁচব! ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

