স্টাফ রিপোর্টার: চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারাদেশে একযোগে স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও প্রশ্নফাঁসের ঘটনা বা অভিযোগ পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, কোনো অভিযোগ উঠলে তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ব্যবহৃত প্রযুক্তি ও যন্ত্রপাতি পর্যবেক্ষণের সক্ষমতা দেশের রয়েছে। সাইবার অপরাধ প্রতিরোধে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের তথ্য সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে, যাতে কোনো অনিয়ম ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, আগাম জানিয়ে গেলে তা কার্যকর হয় না। তাই তিনি নীরবে কেন্দ্র পরিদর্শন করেন, যাতে বাস্তব পরিস্থিতি বোঝা যায়।
এ ছাড়া, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সকাল ৮টা থেকেই কেন্দ্র খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। যারা দূরবর্তী এলাকা থেকে আগে আসে, তাদের জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে। দেরিতে আসা শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

