ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ


এপ্রিল ১৭, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ১৮ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জেলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল এ ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার কৃষি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তার স্বামী অটোরিকশাযোগে তিতাস উপজেলায় যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে। পরে জোরপূর্বক অটোরিকশাটি একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সেখানে কয়েকজন মিলে স্বামী ও অটোরিকশা চালককে আলাদা করে রাখে এবং একপর্যায়ে গৃহবধূকে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন করে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় শুক্রবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—কামাল হোসেন (২২), শরীফুল ইসলাম (২৩) ও সিয়াম (২০)। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মূল অভিযুক্তসহ আরও কয়েকজন এখনও পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নারী অধিকারকর্মী ও সামাজিক সংগঠনের নেতারা এটিকে নৃশংস ও অমানবিক ঘটনা হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং আদালতে তাদের জবানবন্দি নেওয়া হতে পারে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।