নিজস্ব প্রতিনিধি: চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা সম্পন্ন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ইন্তেখাব চৌধুরী জানান, তালিকায় যাদের নাম উঠে আসবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত শেষ হলেই যেকোনো সময় অভিযান শুরু করা হতে পারে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়ককেন্দ্রিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকেই এই তালিকার আওতায় আনা হচ্ছে।
অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, সেসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না—অপরাধী যেই হোক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

