স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এটি শাহবাগ মোড় নয়, এটি জাতীয় সংসদ।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে স্পিকার এ মন্তব্য করেন। তিনি সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, ‘এভাবে অসহিষ্ণু হলে চলবে না, মি. আবদুল্লাহ। এটি শাহবাগ স্কয়ার নয়, এটি পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মৌখিক বক্তব্যের সুযোগ এখানে খুব সীমিত—প্রয়োজনে নোটিশ দিতে হবে।’
স্পিকার আরও বলেন, ‘আইনমন্ত্রীর বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। প্রয়োজন হলে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনা যেতে পারে। সেটি অবশ্যই সরকারি দল বিবেচনা করবে।’
সংসদের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় শক্তিশালী বিরোধীদল খুব কমই সংসদে দেখা গেছে।’

