ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই


এপ্রিল ৯, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এনসিপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদের পক্ষে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাফিয়া। এছাড়া ২০২৪ সালের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে সক্রিয়ভাবে কাজ করে যান। মৃত্যুকালে তিনি দুই শিশু সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার পৈতৃক বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়াও বগুড়ায় এনসিপি কার্যালয়ের সামনেও আরেকটি জানাজার আয়োজন করা হয়েছে।

এনসিপির শোকবার্তায় বলা হয়, তার অকাল মৃত্যুতে দল একজন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, স্বৈরাচার ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তার সংগ্রামী চেতনার পরিচায়ক।

শোকবার্তায় আরও জানানো হয়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হচ্ছে যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে।

এদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাফিয়া সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।