স্টাফ রিপোর্টার: আগামীতে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যক্তি নয়, পরিবারকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। তিনি জানান, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ ২০২৬ তারিখে দেশের ১৩টি জেলা ও ৩টি সিটি কর্পোরেশনে মোট ৩৭,৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। পাশাপাশি, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের দরিদ্র পরিবারের নারী সদস্যদেরও দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

