ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যার কারণ জানালেন স্পিকার


এপ্রিল ৫, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেয়, আর একই সমস্যা আজ (রোববার)ও পুনরায় ঘটেছে। মাইকের এই বিভ্রাটের কারণে রোববার (৫ এপ্রিল) প্রায় ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়। পরে অধিবেশন শুরু হলে এ বিষয়ে ব্যাখ্যা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

স্পিকার জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষুব্ধ জনতা জাতীয় সংসদ ভবনে ঢুকে আসবাবপত্র ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ভাঙচুর করেছিল। সেই ঘটনার প্রভাবেই এখনো মাইকের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তিনি আরও বলেন, ২০২২ সালে আগের সরকারের সময় এই সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছিল, তবে এর কোনো ওয়ারেন্টি বা কার্যকারিতার মেয়াদ সংক্রান্ত নির্ভরযোগ্য কাগজপত্র পাওয়া যাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, এত বড় একটি প্রকল্প অত্যন্ত অবহেলার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। সংসদ কর্তৃপক্ষ সিস্টেমটি স্থাপনকারী যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা মেরামতের বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না এবং বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

এছাড়া স্থানীয়ভাবে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকেই পলাতক অথবা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলেও জানান স্পিকার। তিনি সংসদের সচিবকে বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্পিকার বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদে এভাবে বারবার প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়া জাতির জন্য লজ্জাজনক। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।