স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই বিশেষ কর্মসূচির জন্য নির্বাচন করা হয়েছে। মূলত যেসব এলাকায় সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে বয়স অনুযায়ী সকল শিশুকে হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানো হবে। তবে শুধুমাত্র অসুস্থ শিশুদের ক্ষেত্রেই ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনেক অভিভাবকের মনে থাকা একটি প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নেওয়া থাকলেও এই বিশেষ কর্মসূচিতে আবারও টিকা নেওয়া যাবে। একাধিকবার টিকা গ্রহণে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকি নেই।
রোববার যেসব জেলার উপজেলাগুলোতে এই কর্মসূচি পরিচালিত হবে সেগুলো হলো—
বরগুনা (সদর ও পৌরসভা), পাবনা (সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া), চাঁদপুর (সদর, পৌরসভা, হাইমচর), কক্সবাজার (মহেশখালী, রামু), গাজীপুর (সদর), চাঁপাইনবাবগঞ্জ (সদর, পৌরসভা, শিবগঞ্জ, ভোলাহাট), নেত্রকোনা (আটপাড়া), ময়মনসিংহ (সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর), রাজশাহী (গোদাগাড়ী), বরিশাল (মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ), নওগাঁ (পোরশা), যশোর (সদর ও পৌরসভা), নাটোর (সদর), মুন্সীগঞ্জ (সদর, পৌরসভা, লৌহজং), মাদারীপুর (সদর ও পৌরসভা), ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি (নলছিটি) এবং শরীয়তপুর (জাজিরা)।

