ভোরের খবর ডেস্ক: দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে গ্রিডভিত্তিক উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।এদিকে, কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রতিদিনই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে ইরান যুদ্ধের পর হঠাৎ করে জ্বালানির চাহিদা বেড়ে গেছে।
তিনি বলেন, আগে যে পরিমাণ তেল বিক্রি হতে প্রায় দেড় দিন সময় লাগতো, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই, নিয়মিতভাবেই পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে।

