মো আলামিন (সাভার) প্রতিনিধি: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে যাদুরচর এলাকার আনন্দ নগর হাউজিংয়ের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান জানান, নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময়ে তাকে নির্জন স্থানে পেয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় ঘাতকরা।
পুলিশ আরও জানায়, নিহতের পরিচয় নিশ্চিত করতে পিবিআই-এর (PBI) কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণের মাধ্যমে তার সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।ইতিমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

