মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার স্মৃতিসৌধ চত্বরের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন ১. তাহমিনা আক্তার (৪০), লালবাগ, ঢাকা। ২. মিষ্টি সুভাষ (২৮), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। ৩. রকিবুল ইসলাম দুর্জয় (৩২), গৌরীপুর, ময়মনসিংহ। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তিন সন্তানসহ তাহমিনা আক্তারকে আটক করা হয়।
এরপর দুপুর ২টার দিকে বেদির সামনে থেকে রকিবুল ইসলাম দুর্জয় এবং ফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করে পুলিশ সদস্যরা। আটককৃত তাহমিনা আক্তার সাংবাদিকদের জানান, তিনি সাবেক সরকারি কর্মচারী এবং বর্তমানে আওয়ামী লীগের তৃণমূল কর্মী হিসেবে রাজনীতি করছেন। আজ সকালে সন্তানদের নিয়ে বাসে করে শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। অন্যদিকে আটক মিষ্টি সুভাষ বলেন, “আমি মিরপুর থেকে এসেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্যানার নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে শ্রদ্ধা জানাতে আসছি।”
আটক অন্যজন, রকিবুল ইসলাম দুর্জয় নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করে বলেন, “একটি স্বাধীন রাষ্ট্রে ফুল দেওয়ার অধিকার সবার আছে। আমি কেবল শ্রদ্ধা জানাতে আসছি, অথচ আমাকে আটক করা হলো। বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম সম্বলিত এ-ফোর (A-4) সাইজের কাগজে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা বর্তমানে আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

