ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়


মার্চ ৪, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত সভার কার্যবিবরণী প্রকাশ করা হয়। সভায় ঈদ জামাতের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

কার্যবিবরণীতে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রচার করা হবে। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাতে মুসলিম দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে। জামাতের সময়সূচি ও নির্দেশনা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন ও সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হবে।

নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ পাশে আলাদা প্রবেশপথ ও নির্ধারিত আসনের ব্যবস্থা রাখা হবে— এ বিষয়টিও প্রচার করা হবে। প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য তিনজন আলেম এবং পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য তিনজন কারির নাম ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হবে। তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন কারি ও বিকল্প কারি এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন দেওয়া হবে। ঈদের নামাজের আগে সকাল সাড়ে ৭টা থেকে হামদ, নাত ও ইসলামী গজল পরিবেশনের আয়োজন থাকবে।

ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাস কাটা, প্যান্ডেল নির্মাণ (বৃষ্টির জন্য ত্রিপল স্থাপন), অজু ও সুপেয় পানির ব্যবস্থা, মোবাইল টয়লেট স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করা হবে। হাইকোর্ট মাজার মসজিদের অজুখানা আগেই খুলে রাখা এবং সংশ্লিষ্ট কর্মচারীদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। অতিবৃষ্টির ক্ষেত্রে পানি নিষ্কাশনে গণপূর্ত বিভাগ, ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে ব্যবস্থা নেবে।

ঈদের দিন জাতীয় ঈদগাহে বিশেষ মেডিকেল টিম মোতায়েন থাকবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—পুলিশ, র‍্যাব ও এসএসএফ—এবং গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে থাকবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে বসানো হবে। ফায়ার সার্ভিসের ইউনিটও প্রস্তুত থাকবে। বাংলাদেশ স্কাউটদেরও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দায়িত্ব দেওয়া হবে।

জামাতের প্রথম কাতার আগের বছরের মতো দীর্ঘ করা হবে, যাতে ভিআইপিরা প্রথম কাতারে অবস্থান করতে পারেন। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের জন্য সংরক্ষিত স্থান নির্ধারণ এবং তাদের অভ্যর্থনায় জেলা প্রশাসনের নারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।ঈদ উপলক্ষে রাজধানীর প্রধান সড়ক ও সড়কদ্বীপে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার টানানো হবে। ঈদের আগের রাত থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে।

দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধাশ্রম ও দুস্থকল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের দিন ঢাকার শিশুপার্ক, জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।