মো আলামিন (সাভার) প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯.১১ মিনিটে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দেওয়ান ইদ্রিস ভিলা ব্যাংক কলোনি বাসভবনে তাঁর সাথে সাক্ষাৎ করেন এনসিপির ১১ দলীয় জোটের নেত্রী দিলশানা পারুল।
সাক্ষাৎকালে তারা মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাভার-আশুলিয়া এলাকার জনকল্যাণমূলক নানা বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে দিলশানা পারুল গণমাধ্যমকে জানান, “২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের আগে এটি একটি অরাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ ছিল।
ভাষা দিবস আমাদের ঐক্যের প্রতীক, আর সেই চেতনা থেকেই আমরা নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে এবং এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করতে রওয়ানা হন। এসময় উভয় পক্ষের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

